সোমবার

২২ জুন, ২০২৬ ৮ আষাঢ়, ১৪৩৩

বিটিভির আয় ৮ কোটি ও ব্যয় ২৫৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১৮:৪৪

আপডেট: ২২ জুন, ২০২৬ ১৮:৫১

শেয়ার

বিটিভির আয় ৮ কোটি ও ব্যয় ২৫৪ কোটি টাকা
ছবি সংগৃহীত

চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত বিগত ১১ মাসে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয়ের তুলনায় ব্যয়ের বিশাল ব্যবধান তৈরি হয়েছে। করসহ রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের মোট আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা এবং একই সময়ে ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

আজ সোমবার জাতীয় সংসদে নওগাঁ–৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদীয় বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে এই তথ্য উপস্থাপিত হয়।

তথ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে বিটিভির মোট আয়ের একটি বড় অংশ এসেছে বিজ্ঞাপন খাত থেকে। বিজ্ঞাপন শাখার রাজস্ব আয়ের পরিমাণ ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।

সংসদে ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বিটিভির আয় ও ব্যয়ের একটি তুলনামূলক পরিসংখ্যানও তুলে ধরা হয়। পরিসংখ্যানে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা এবং ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা আয়ের বিপরীতে ব্যয় হয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।

পরবর্তী অর্থবছরগুলোতেও এই ব্যয়ের ধারা অব্যাহত ছিল। ২০২২-২৩ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা এবং ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা আয় ও ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হয়। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা এবং ব্যয় হয়েছে ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।



banner close
banner close