সোমবার

২২ জুন, ২০২৬ ৮ আষাঢ়, ১৪৩৩

অপপ্রচার ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১৭:২২

শেয়ার

অপপ্রচার ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
ছবি সংগৃহীত

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার রোধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এই আবেদনটি দাখিল করেন।

রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন প্রধান এবং সিআইডি সাইবার পুলিশ সেন্টারের প্রধানকে বিবাদী করা হয়েছে।

আবেদনের নথিপত্র অনুযায়ী, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনিবন্ধিত অনলাইন পোর্টালে একটি স্বার্থান্বেষী মহল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রচার করছে। এসব সংবাদের কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই এবং এটি সামাজিক অবক্ষয় তৈরি করছে। রাষ্ট্রের ভাবমূর্তি ও জনস্বার্থ রক্ষায় এই ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আবেদনকারী আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি হলেও মিথ্যা তথ্য, গুজব, সাইবার হয়রানি বা মানহানিকর প্রচারণা কোনোভাবেই এর আওতাভুক্ত হতে পারে না। এই বিষয়ে প্রতিকার চেয়ে ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানানো হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। এমন পরিস্থিতিতে নাগরিকের অধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করা হয়েছে।

আবেদনের সাথে সংশ্লিষ্ট অনলাইন কনটেন্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টের কপি সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে দায়ের করা এই রিটের মাধ্যমে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজগুলো বন্ধের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।



banner close
banner close