আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতারোধে দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৩ জুন দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ আজ সোমবারের মধ্যে জারি হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো ঢাকাকে বিশেষ নিরাপত্তার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর ২০০টিরও বেশি কৌশলগত পয়েন্টে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট মোতায়েন থাকবে। বিশেষ করে ঢাকা মহানগরের প্রতিটি প্রবেশপথে কড়া তল্লাশি ও নজরদারি জোরদার করা হবে যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশ বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিশেষায়িত বিভিন্ন ইউনিট। গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া সম্ভাব্য ষড়যন্ত্র বা নাশকতার আগাম তথ্য সংগ্রহ ও তা প্রতিরোধে সাদা পোশাকে বিশেষ তৎপরতা চালাবে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
আরও পড়ুন:








