সোমবার

২২ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

আইনজীবী চৈতালী চক্রবর্তীর গ্রেপ্তার ও সনদ বাতিলের দাবি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৯:১৬

শেয়ার

আইনজীবী চৈতালী চক্রবর্তীর গ্রেপ্তার ও সনদ বাতিলের দাবি হেফাজতের
ছবি সংগৃহীত

সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তীর গ্রেপ্তার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার এবং আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান রোববার এক যৌথ বিবৃতিতে এই দাবি উত্থাপন করেন। একই সঙ্গে তারা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশভাগের ষড়যন্ত্রে জড়িতদের খুঁজে বের করতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের দাবি সংবলিত চৈতালী চক্রবর্তীর বক্তব্য দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এটি স্পষ্টত রাষ্ট্রদ্রোহিতা। এ ধরনের বক্তব্য সুদীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত জাতীয় ঐক্য নসাৎ করার একটি গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন হেফাজত নেতৃবৃন্দ। এছাড়া গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি স্থাপনের প্রচেষ্টাকে দেশের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হিসেবে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃদ্বয় মনে করেন, এই জাতীয় কর্মকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পরিচালিত একটি আন্তর্জাতিক ও দেশবিরোধী চক্রান্তের অংশ। এর ফলে নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি রুখতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ওপর বিবৃতিতে গুরুত্বারোপ করা হয়। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পুনরায় তাগিদ দেওয়া হয়।



banner close
banner close