সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। সেই সময়ে তিনি তিন শতাধিক ভেজালবিরোধী ও দুর্নীতিবিরোধী সফল অভিযান পরিচালনা করে জনমনে বিশেষ প্রশংসা অর্জন করেছিলেন। দীর্ঘ সময় একই পদে দায়িত্ব পালনের পর ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।
পেশাগত জীবনে তিনবার পদোন্নতি বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। এর আগে পদোন্নতি বঞ্চিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সেই ঘটনাকে অসদাচরণ হিসেবে গণ্য করে বিগত সরকার ২০২২ সালের মে মাসে তাকে লঘুদণ্ড হিসেবে তিরস্কার প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক আদেশের প্রেক্ষিতে তাকে জেলা প্রশাসকের পদ থেকে সরিয়ে সচিবালয়ে ন্যস্ত করা হলো। অফিস আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:








