দেশের বিভিন্ন স্থানে গৃহকর্মীদের ওপর নির্যাতন, ধর্ষণ ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন– গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর যুগ্ম সমন্বয়কারী এএম ফয়েজ হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি এএসএম জাকারিয়া প্রমুখ।
বক্তারা বলেন, গৃহকর্মীদের বিরুদ্ধে সংঘটিত হত্যা, ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের মতো অপরাধ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি গৃহকর্মীদের জন্য শ্রম আইনের পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
তারা বলেন, গত ১৭ জুন খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এক পুলিশ দম্পতির বাসায় গৃহকর্মী মিলন দাসকে গরম কড়াই ও খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিলন দাস বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া নোয়াখালীর জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এক কর্মকর্তার বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে গত ১৯ জুন রাজধানীর ধানমন্ডির একটি আবাসিক ভবনের ১০ তলার বারান্দা থেকে পড়ে ১১ বছর বয়সি শিশু গৃহকর্মী রিক্তা আক্তারের মৃত্যু হয়। পরিবারের দাবি, তাকে হত্যা করে নিচে ফেলে দেয়া হয়েছে।
সমাবেশে গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা বাস্তবায়ন, সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং সংশ্লিষ্ট সব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
আরও পড়ুন:








