রবিবার

২১ জুন, ২০২৬ ৮ আষাঢ়, ১৪৩৩

মোহাম্মদপুর নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১৩:১২

শেয়ার

মোহাম্মদপুর নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি
ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে অপরাধমুক্ত করতে এবং অপরাধীদের যেকোনো মূল্যে নির্মূল করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বার্তা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোহাম্মদপুর এলাকা দীর্ঘ সময় ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত হয়ে আছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং এলাকাটিকে পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। বর্তমান সরকার আগের যেকোনো সময়ের তুলনায় অধিক গতি ও দৃঢ়তার সঙ্গে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেফতার প্রসঙ্গে মন্ত্রী জানান, ইন্টারপোলের মাধ্যমে সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ গ্রহণ করায় তাকে দুবাইয়ে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব আইনি নথিপত্র ইতোমধ্যে ওই দেশে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুতই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশের সক্ষমতা ও সক্রিয়তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক সময় জনমনে পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে যে ধারণা তৈরি হয়েছিল, তা এখন দূর হয়েছে। পুলিশ বাহিনী বর্তমানে তাদের গৌরব ও সক্রিয়তা ফিরে পেয়েছে। দেশের নির্বাচিত সরকারের অধীনে পুলিশ সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং তাদের এই প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবেই আজ পুরস্কার প্রদান করা হচ্ছে।



banner close
banner close