শুক্রবার

১৯ জুন, ২০২৬ ৫ আষাঢ়, ১৪৩৩

বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ২২:২৩

শেয়ার

বগুড়ার বিতর্কিত দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ
ছবি সংগৃহীত

বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের বিতর্কিত নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকেও বিষয়টি জানানো হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর নাম পরিবর্তনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এজন্য পুনরায় গণশুনানির আয়োজন করবে জেলা প্রশাসন। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে চূড়ান্ত নামগুলো সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।

গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং নবগঠিত মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এর ফলে শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ি ইউনিয়ন এবং মোকামতলা উপজেলায় সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নামে চারটি নতুন ইউনিয়ন গঠিত হয়। ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে সীমান্ত এবং দেউলী ইউনিয়ন ভেঙে দিগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছিল।

ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে শুরু থেকেই স্থানীয় পর্যায়ে বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের পারিবারিক সদস্যদের নামানুসারে ইউনিয়নগুলোর নামকরণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম অনুযায়ী মীরবাড়ি এবং তার দুই ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তের নাম অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নাম রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। এছাড়া স্বর্ণগ্রাম ইউনিয়নের নামও প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা ও সমালোচনা হয়েছে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলম পূর্বে জানিয়েছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন গণশুনানির মাধ্যমে নামগুলো চূড়ান্ত করেছে। তিনি দাবি করেন, ভৌগোলিক অবস্থানের কারণে নামগুলো সীমান্ত ও দিগন্ত রাখা হয়েছে এবং তার সন্তানদের নামের সঙ্গে মিল থাকাটি কেবল একটি কাকতালীয় বিষয়।

নামকরণ নিয়ে বিতর্ক চলমান থাকলেও গত বৃহস্পতিবার এই চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দিয়েছে প্রশাসন। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ১৮ ধারা অনুযায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এই নিয়োগ দেওয়া হয়। মীরবাড়ি ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান, স্বর্ণগ্রাম ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন এবং দিগন্ত ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।



banner close
banner close