শুক্রবার

১৯ জুন, ২০২৬ ৫ আষাঢ়, ১৪৩৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ডিএমপির সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ১৪:৩৬

শেয়ার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ডিএমপির সতর্ক অবস্থান
ছবি সংগৃহীত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে জনমনে বড় কোনো শঙ্কার কারণ নেই। তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা যাতে কোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল করতে না পারে, সেজন্য পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশমুখ ও স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ডিএমপির এই কর্মকর্তা উল্লেখ করেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চলমান এই নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাজনৈতিক কর্মসূচির আড়ালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। এছাড়া সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।



banner close
banner close