মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের জাতীয় স্বার্থ রক্ষা এবং সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিত পদক্ষেপ বাস্তবায়ন করছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সীমান্ত দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস), ফেন্সিডিলসহ সব ধরনের মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এছাড়া গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে সীমান্ত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।
সীমান্ত সুরক্ষা ও অপরাধ প্রতিহতের লক্ষ্যে সরকার ইতিমধ্যে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, দুর্গম ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে নতুন বিওপি ও টিওবি নির্মাণ করা হয়েছে এবং আরও নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর ফলে বিজিবির বিওপিসমূহের মধ্যবর্তী দূরত্ব হ্রাস পেয়েছে এবং টহলের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম সীমান্তের অতি সংবেদনশীল এলাকাগুলোতে স্মার্ট বর্ডার সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপন করা হয়েছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি পার্বত্য সীমান্তে বিজিবির টহল কার্যক্রম দ্রুততর করতে সীমান্ত সড়ক নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করার পরিকল্পনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পাশাপাশি ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানগুলোতেও অনুরূপ বেড়া নির্মাণের পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে। এছাড়া চোরাচালান ও অপরাধের কুফল সম্পর্কে সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতন করতে এবং অপরাধীদের তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার লক্ষ্যে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গত ১৬ বছরের সীমান্ত পরিস্থিতি ও অপরাধ দমনে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সংসদ সদস্যের প্রশ্নের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। মন্ত্রীর তথ্যমতে, আধুনিক প্রযুক্তি ও অবকাঠামো ব্যবহারের মাধ্যমে সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:








