বুধবার

১৭ জুন, ২০২৬ ৩ আষাঢ়, ১৪৩৩

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার পরবর্তী শুনানি ১৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৮:৩২

শেয়ার

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার পরবর্তী শুনানি ১৪ জুলাই
ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অবশিষ্ট অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত। বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, শুনানির নির্ধারিত দিনে কারাগারে আটক ২৬ জন আসামিকে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কাঠগড়ায় হাজির করা হয়। উপস্থিত আসামিদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৫ জন নারী ছিলেন। শুনানিকালে আসামি সাবিনা আক্তার তুহিনসহ কয়েকজনের পক্ষে তাদের আইনজীবীরা মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে বক্তব্য শেষ করেন। অন্যান্য কয়েকজন আসামির আইনজীবী চার্জ গঠন পেছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি রাব্বী আলমের নেতৃত্বে জয় বাংলা ব্রিগেডের একটি জুম মিটিং অনুষ্ঠিত হয়। ওই সভায় শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। সেখানে শেখ হাসিনা তার নেতাকর্মীদের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন এবং রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই বক্তব্যের ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে গত বছরের ২৭ মার্চ সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে এই মামলাটি করেন। তদন্ত শেষে সেই বছরের ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৪ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ১১ সেপ্টেম্বর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত বছরের ১৪ অক্টোবর শেখ হাসিনাসহ পলাতক ২৬১ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে ১১ নভেম্বর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। শুরুতে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৯ এ শুনানির পর্যায়ে থাকলেও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গত ২৩ ফেব্রুয়ারি এটি বর্তমান আদালতে স্থানান্তর করা হয়। বর্তমানে শেখ হাসিনাসহ ২৬১ জন আসামি এই মামলায় পলাতক রয়েছেন।



banner close
banner close