বুধবার

১৭ জুন, ২০২৬ ৩ আষাঢ়, ১৪৩৩

অর্থ পাচার রোধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১৫:৫৮

শেয়ার

অর্থ পাচার রোধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না এবং জনগণের অর্থ দিয়ে জনগণের কাজ করা হবে। যারা বিদেশে অর্থ পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বুধবার শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, অতীতে একটি দল জনগণের অর্থ জনগণকে না দিয়ে বিদেশে পাচার করেছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আগামী এক বছরের মধ্যে চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। দেশকে এগিয়ে নিতে নারী ও পুরুষকে একসঙ্গে কাজ করতে হবে এবং নারীদের স্বাবলম্বী করা না গেলে তাদের এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

সরকারের লক্ষ্য মানুষের ভাগ্য পরিবর্তন বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শ্রীমঙ্গলে ১৫০ জন চা শ্রমিকের সন্তানকে বৃত্তি দেওয়া হয়েছে। আগামী এক বছরে ৪০ লাখ কৃষক কার্ড দেওয়া হবে এবং আগামী পাঁচ বছরে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীত করা হবে।

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে দেওয়া বাজেটকে একটি দল জনবিরোধী বলে অভিহিত করেছে। তিনি বলেন, জনবান্ধব বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না এবং জনগণকে বিভ্রান্ত করার বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, মানুষ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবার বিএনপিকে বিজয়ী করেছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র কেউ নষ্ট করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপির সব শক্তিই জনগণ এবং ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কাজে লাগলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।



banner close
banner close