বুধবার

১৭ জুন, ২০২৬ ৩ আষাঢ়, ১৪৩৩

চট্টগ্রামে বাড়ির উঠান থেকে পলিথিন মোড়ানো অবস্থায় নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ১১:৫০

আপডেট: ১৭ জুন, ২০২৬ ১১:৫১

শেয়ার

চট্টগ্রামে বাড়ির উঠান থেকে পলিথিন মোড়ানো অবস্থায় নবজাতক উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক সদ্য ভূমিষ্ঠ নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার একটি বাড়ির সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বর্তমানে শিশুটি বারইয়ারহাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি এখন আশঙ্কামুক্ত।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেন তার ঘরের সদর দরজার সামনে একটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি কাছে গিয়ে কান্নার শব্দ শুনতে পান। পরে ব্যাগটি খুলে ভেতরে এক নবজাতক কন্যাশিশুকে দেখতে পান। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে ভর্তি করা হয়।

মীর হোসেন বলেন, সকাল ১০টার দিকে ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটটি দেখতে পাই। ভেতরে নবজাতকটিকে দেখে আশপাশের লোকজনকে খবর দিই। পরে প্রতিবেশী আহম্মদ উল্লাহর সহায়তায় শিশুটিকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হয়।

বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ ফারুক বলেন, সকাল ১১টার দিকে নবজাতকটিকে হাসপাতালে আনা হয়েছিল। শুরুতে তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল থাকলেও প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর বর্তমানে তার অবস্থার উন্নতি হচ্ছে। সে এখন ভালো আছে।

যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে জেনেছি। হাসপাতালে যোগাযোগ করে শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার সকালে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিশুটির পরবর্তী দেখভাল ও আইনি প্রক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।



banner close
banner close