মঙ্গলবার

১৬ জুন, ২০২৬ ২ আষাঢ়, ১৪৩৩

২৬ জুন পবিত্র আশুরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬ ২২:১২

শেয়ার

২৬ জুন পবিত্র আশুরা
ছবি সংগৃহীত

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১৭ জুন) থেকে মহররম মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ২৬ জুন শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মহররম মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। এ মাসের ১০ তারিখ ‘আশুরা’ নামে পরিচিত। ‘আশুরা’ শব্দটি আরবি ‘আশারা’ থেকে এসেছে, যার অর্থ দশ। ইসলামের ইতিহাসে এ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ও ফজিলতময় হিসেবে বিবেচিত।

হাদিসে বর্ণিত হয়েছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মদিনায় হিজরতের পর ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন। তাদের কাছ থেকে জানতে পারেন যে, এ দিনে মহান আল্লাহ হজরত মুসা (আ.) ও তাঁর অনুসারীদের ফিরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরাউন ও তার বাহিনীকে সাগরে নিমজ্জিত করেছিলেন। এ ঘটনার কৃতজ্ঞতা প্রকাশে হজরত মুসা (আ.) রোজা রাখতেন। এরপর মহানবী (সা.) নিজেও আশুরার রোজা পালন করেন এবং মুসলমানদের তা পালনের নির্দেশ দেন।

ইসলামি শরিয়তে আশুরার রোজা রাখার ক্ষেত্রে মহররমের ১০ তারিখের সঙ্গে ৯ অথবা ১১ মহররম মিলিয়ে দুটি রোজা রাখার প্রতি উৎসাহিত করা হয়েছে। এ বিষয়ে হাদিসে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দেশজুড়ে মুসলমানরা আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালন করবেন।



banner close
banner close