পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।
হাসপাতালে গিয়ে তিনি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনার বার্তা পৌঁছে দেন।
এ সময় ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) বলেন, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন ব্যক্তির অসুস্থতার সংবাদে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি রাষ্ট্রদূতের দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের সদস্যদেরও আশ্বস্ত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুকে ব্যথাজনিত সমস্যার কারণে মুশফিকুল ফজল আনসারীকে সোমবার বিকেল ৩টার দিকে সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
সূত্রটি আরও জানায়, রাষ্ট্রদূতের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হচ্ছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন:








