রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদিকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সন্দিগ্ধ আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে এই মামলায় তৌহিদ উদ্দিন আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম। আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে চাকরির প্রলোভন দেখায়। পরে বিভিন্ন ধাপে বিনিয়োগে উদ্বুদ্ধ করে শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করা হয়। পর্যায়ক্রমে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে ওয়ারী থানায় মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। এরপর বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
আরও পড়ুন:








