বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ইন্টারপোলের সহায়তায় দুবাই সিটি পুলিশ তাকে আটক করে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গ্রেপ্তারের বিষয়টি অবহিত করা হয়েছে। বর্তমানে বেনজীর আহমেদ দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্যার্পণ চুক্তির আওতায় কূটনৈতিক চ্যানেলে তাকে দেশে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে। দুদকও এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের হিসাব গোপন ও অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করে। চলতি বছরের ৮ মার্চ ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ইন্টারপোলের মাধ্যমে তা কার্যকরের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশ তাকে আটক করে।
২০২৪ সালের ৪ মে স্ত্রী ও মেয়েদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন বেনজীর আহমেদ। এরপর থেকে তিনি প্রকাশ্যে আসেননি। ২০২০ সালের এপ্রিলে আইজিপির দায়িত্ব পাওয়া বেনজীর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই পদে বহাল ছিলেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়, যার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল।
আরও পড়ুন:








