বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিরোধী দলের উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের একমাত্র লক্ষ্য দেশে অশান্তি তৈরি করা এবং মানুষকে বিভ্রান্ত করা।
শনিবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত কোনো পণ্যের দাম বাড়েনি। বরং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে। কর বাড়ানো হয়েছে কেবল মদ ও সিগারেটের ওপর, কারণ এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
কৃষি খাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, পাতলী খাল পুনঃখনন সম্পন্ন হলে প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং বছরে প্রায় ১২ হাজার টন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। সদ্য ঘোষিত বাজেটে প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে এবং প্রতিটি কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকা নগদ প্রণোদনা দেওয়া হবে বলেও জানান তিনি।
নারী শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্নাতক ও ডিগ্রি পর্যন্ত নারীশিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা খাতে হার্টের রিং ও কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত উপকরণ ও ওষুধের ওপর আরোপিত কর প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাতলী খালের খনন উদ্বোধন করেছিলেন। প্রায় অর্ধশতাব্দী পর তারই পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান একই খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন।
পথসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ। এতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
আরও পড়ুন:








