স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সদ্য ঘোষিত বাজেট জনপ্রত্যাশা ও গণমুখী এবং এর ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে। শুক্রবার (১২ জুন) কক্সবাজারে প্রধানমন্ত্রীর আসন্ন সফরের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বাজেট বিএনপির জন্য নয়, সারাদেশের মানুষের জন্য প্রণীত হয়েছে। নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ সব শ্রেণির নাগরিকদের কথা বিবেচনায় নিয়ে বাজেট তৈরি করা হয়েছে। এ ছাড়া তারুণ্যের উদ্যোক্তা সৃষ্টি ও তরুণ প্রজন্মের চাহিদা পূরণেও বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।
রাজস্ব বিষয়ে তিনি বলেন, রাজস্ব হার কমানোর পাশাপাশি রাজস্ব আয়ের পরিধি বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সামগ্রিক রাজস্ব আয় বাড়বে এবং উন্নয়ন বাজেটে তার অবদান থাকবে।
এদিকে শনিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে সামনে রেখে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরের কর্মসূচির মধ্যে রয়েছে পিএমখালীর পাতলী খাল পুনঃখনন উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলা উদ্বোধন এবং চকরিয়ায় জনসভায় বক্তব্য প্রদান।
সফরের নিরাপত্তায় জেলা প্রশাসন, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন:








