শনিবার

১৩ জুন, ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১৮:২৬

শেয়ার

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার
ছবি সংগৃহীত

ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দুপুরে বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী মৃণাল ত্রিবেদী।

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, ডেপুটি হাইকমিশনার পবন বঢ়ে সীমান্তে দিনেশ ও মৃণাল ত্রিবেদীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

চলতি বছরের এপ্রিলের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয়। দীর্ঘ বিরতির পর এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাল ভারত।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কালে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। পরবর্তীতে উভয় দেশ সেই সংকট কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেয়। এই পটভূমিতে রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন দিনেশ ত্রিবেদীকে ঢাকায় প্রেরণকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেটে যাত্রীভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়ে দলীয় নেতৃত্বের সমালোচনার মুখে পড়লে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সংসদীয় অভিজ্ঞতার দিক থেকেও দিনেশ ত্রিবেদী উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গ থেকে লোকসভা এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে পরের মাসেই বিজেপিতে যোগ দেন তিনি।



banner close
banner close