শনিবার

১৩ জুন, ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১৫:৪৯

আপডেট: ১২ জুন, ২০২৬ ১৫:৫০

শেয়ার

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টস্থ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো.রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো.নাসির উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতালার লিফটের সম্মুখে জানালার থাই গ্লাসের দুটা পার্ট খুলে ফেলে। ভবনের পেছন দিয়ে একটি পার্ট নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি। এ সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে। কিন্তু তারা পালিয়ে যায়।

চুরির ঘটনাটি সকালে অ‍্যাটর্নি জেনারেলকে জানালে তিনি বলেন,‘এটি নাশকতা হতে পারে। বিগত কয়েকদিন ধরে অ‍্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে এই অফিস থেকে চাকরিচ্যুত কতিপয় দুর্নীতিপরায়ণ ব‍্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এতে তাদেরও ইন্ধন থাকতে পারে।’

অ‍্যাটর্নি জেনারেল তাৎক্ষণিক থানায় অভিযোগ করতে প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেন এবং জড়িত ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সুনিশ্চিত করতে পুলিশকে জানান।

রমনার ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন,শুনেছি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। শুনেছি জানালা খুলে নিয়ে গেছে। বিস্তারিত এখনও কিছু জানি না।



banner close
banner close