শনিবার

১৩ জুন, ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

হাসপাতাল নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল হয়েছে: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১২:২৩

শেয়ার

হাসপাতাল নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল হয়েছে: শিশির মনির
ছবি সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারস্থ আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল হয়নি, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স- এমন দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

শুক্রবার সকালে ফেসবুকে একাধিক সরকারি নথির ছবি শেয়ার করে শিশির মনির জানান, হাসপাতালের জন্য ইস্যু করা লাইসেন্সের নম্বর HSM 4310058, যেখানে উল্লেখ রয়েছে to set up and run a hospital/clinic। অন্যদিকে প্যাথলজি সেন্টারের লাইসেন্স নম্বর HSM 4310059, যেখানে উল্লেখ রয়েছে to set up and run a pathology center।

তিনি আরও জানান, গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর যে কারণ দর্শানো নোটিশ জারি করে, তাতে লাইসেন্স নম্বর হিসেবে HSM 4310059 উল্লেখ ছিল এবং ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টা সময় চেয়ে পরে জবাব দাখিল করে। এরপর বৃহস্পতিবার ওই লাইসেন্স বাতিল করা হয় এবং ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ দেওয়া হয়।

শিশির মনির প্রশ্ন রাখেন, বাতিল হওয়া লাইসেন্সটি হাসপাতালের, নাকি প্যাথলজি সেন্টারের-এটি অবহেলার ফল না সুচিন্তিত সিদ্ধান্ত, তা কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান চিঠির মাধ্যমে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী ডা. সেখ মহিউদ্দীনকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান।

উল্লেখ্য, গত ২৭ মে ভোররাতে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে এক থেকে চার দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করে। পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী জানান, কর্তৃপক্ষের দেওয়া জবাব সন্তোষজনক হয়নি।



banner close
banner close