বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। উপকেন্দ্রের অবস্থান ছিল ভারতের আসাম রাজ্যের সিলচর শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে-২৪ দশমিক ৯১৬ উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৯৬২ পূর্ব দ্রাঘিমাংশে।
উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ২৮৭ কিলোমিটার দূরে হলেও আসাম ও মণিপুরের সীমান্তবর্তী বাংলাদেশের সিলেট জেলাসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার ঝাঁকুনি অনুভূত হয়। এ ছাড়া ময়মনসিংহ ও ঢাকার কিছু এলাকা থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন এলাকার মানুষ তাদের অভিজ্ঞতার কথা জানান।
এর আগে গত ৭ জুন রবিবার রাত ১১টা ৩৭ মিনিটে ভুটানকেন্দ্রিক ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল সারা দেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একের পর এক ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
আরও পড়ুন:








