বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আগামীকাল শুক্রবার ঢাকা আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সফরকালে হাইকমিশনারের সঙ্গে তার স্ত্রী মৃণাল ত্রিবেদীও ঢাকায় পৌঁছাবেন।
গত এপ্রিল মাসের শেষের দিকে ভারতের সাবেক রেলমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।
দীর্ঘ সময় পর ভারত সরকার কোনো পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব প্রদান করল। ২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা নিরসনে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় নরেন্দ্র মোদির সরকার রাজনৈতিক সমঝোতা ও কূটনৈতিক তৎপরতা জোরদারে দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে, নবনিযুক্ত হাইকমিশনারের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক তিক্ততা কাটিয়ে নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথ সুগম হবে।
আরও পড়ুন:








