চিকিৎসা গাফিলতিতে নবজাতক মৃত্যুর ঘটনায় মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের প্রাতিষ্ঠানিক লাইসেন্স বাতিল করেছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এই সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৭ মে ২০২৬ তারিখে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-ন্যাটাল ওয়ার্ডে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে ৬টি নবজাতকের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের চরম প্রশাসনিক ও চিকিৎসা অবহেলার প্রমাণ মেলে। প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় ওয়ার্ডে কোনো অন-ডিউটি ডাক্তার উপস্থিত ছিলেন না।
লাইসেন্স বাতিলের কারণ:স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া ব্যাখ্যাকে 'ভুয়া ও কাল্পনিক' বলে প্রত্যাখ্যান করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি জানান, দায় এড়াতে এবং অপরাধ ঢাকতে হাসপাতাল কর্তৃপক্ষ মূল তথ্য গোপন করেছে। এছাড়া ফায়ার সার্ভিসের পৃথক তদন্তে দেখা গেছে, ২০২৩ সালের পর থেকে এই ৭০০ শয্যার হাসপাতালের কোনো বৈধ ফায়ার সেফটি লাইসেন্সও ছিল না।
লাইসেন্স বাতিলের পর হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রোগীদের স্থানান্তরের প্রক্রিয়া চলছে। একই সাথে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
আরও পড়ুন:








