জাতীয় সংসদে সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, আগস্ট বিপ্লবের মহানায়ক শহীদ মেজর বজলুল হুদার স্মরণে শোক প্রস্তাব গ্রহণ না করায় মঞ্চ ২৪ গভীর উদ্বেগ, তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, মেজর বজলুল হুদা ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন বীর সেনানী এবং জাতীয় সংসদের একজন সাবেক সদস্য। দেশের জন্য তাঁর অবদান ও রাজনৈতিক পরিচয় বিবেচনায় জাতীয় সংসদে তাঁর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা রাষ্ট্র ও জাতির নৈতিক দায়িত্ব ছিল। কিন্তু তাঁর মৃত্যুর পর জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ না করা অত্যন্ত দুঃখজনক, বৈষম্যমূলক এবং ইতিহাসের প্রতি অবমাননাকর আচরণ হিসেবে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, অন্যদিকে রক্ষীবাহিনীর হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্ত তোফায়েল আহমেদের জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের ঘটনায় মঞ্চ ২৪ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে দ্বৈত মানদণ্ড গ্রহণ জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে বিতর্কিত করে তোলে।
মঞ্চ ২৪ মনে করে, জাতীয় সংসদ কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক পছন্দ-অপছন্দের জায়গা নয়; বরং এটি সমগ্র জাতির প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। তাই জাতীয় সংসদে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সকল নাগরিক ও জাতীয় ব্যক্তিত্বের প্রতি সমান ও ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করতে হবে।
শেষদিকে উল্লেখ করা হয়, ‘আমরা জাতীয় সংসদ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, শহীদ মেজর বজলুল হুদার প্রতি যথাযথ রাষ্ট্রীয় ও সংসদীয় সম্মান প্রদর্শনের বিষয়ে পুনর্বিবেচনা করা হোক এবং ভবিষ্যতে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত থেকে বিরত থাকা হোক।’
আরও পড়ুন:








