জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে লোডশেডিং, শিল্পাঞ্চলে গ্যাস সংকট এবং বিদ্যুৎ বিভাগের সেবার মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক সংসদ সদস্য।
রোববার অধিবেশনের শুরুতেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুল। তিনি জানান, তার নির্বাচনী এলাকা অভয়নগর ও নওয়াপাড়ায় বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে দিয়েছে এবং কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। এতে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে তিনি উল্লেখ করেন। জবাবে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট এলাকায় বড় ধরনের সংকটের তথ্য তার কাছে নেই, তবে যেখানেই সমস্যা রয়েছে তা সমাধানে সরকার কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা আশুগঞ্জের জিয়া ফার্টিলাইজার কারখানায় গ্যাস সরবরাহ প্রসঙ্গ তোলেন। তিনি জানান, গত ১ জুন থেকে সেখানে গ্যাস সরবরাহ পুনরায় চালুর প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এ প্রেক্ষাপটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে সতর্ক করে বলেন, সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে জনগণের কাছে ভুল বার্তা যায়।
পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ জানান, ঈদের ছুটিতে এলাকায় ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের শিকার হয়েছেন তিনি। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাকে ডাকবাংলোয় থাকার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ট্রান্সফরমার চুরি হলে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নতুন ট্রান্সফরমার কেনার বিষয়টি কার দায়িত্ব, তা স্পষ্ট করার দাবি জানান তিনি।
আরও পড়ুন:








