বুধবার

১৭ জুন, ২০২৬ ৩ আষাঢ়, ১৪৩৩

বাজেট অধিবেশন ঘিরে সংসদ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ২০:৫৫

শেয়ার

বাজেট অধিবেশন ঘিরে সংসদ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ছবি সংগৃহীত

রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই অধিবেশনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে রাজধানীর সংসদ ভবন ও পার্শ্ববর্তী নির্দিষ্ট কিছু এলাকায় আগ্নেয়াস্ত্রসহ সব ধরনের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন এবং যেকোনো ধরনের মিছিল, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করে অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করা এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নম্বর-III/৭৬) ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, বেগম রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার অন্তর্ভুক্ত সব রাস্তা ও গলিপথ।



banner close
banner close