শুক্রবার

৫ জুন, ২০২৬ ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-তুরস্ক একমত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুন, ২০২৬ ১৪:৫৩

শেয়ার

বাণিজ্য বাড়াতে বাংলাদেশ-তুরস্ক একমত
ছবি সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমান ১ দশমিক ৩ বিলিয়ন ডলার থেকে আরও বৃদ্ধির লক্ষ্যে কাজ করার ব্যাপারে একমত হয়েছে তুরস্ক। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পসহ একাধিক খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে অভিন্ন অবস্থান আরও জোরদার করার বিষয়েও সহমত হয়েছে উভয় পক্ষ।

শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

হাকান ফিদান জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী ও দূরদর্শী পর্যায়ে নিয়ে যাওয়াই এই আলোচনার মূল লক্ষ্য ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় উন্নীত করার বিষয়ে এবং তা অর্জনের উপায় নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে বলে তিনি জানান।

হাকান ফিদান বাংলাদেশকে গ্লোবাল সাউথের একটি শক্তিশালী কণ্ঠস্বর এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশের ব্যাপক সহযোগিতা নেটওয়ার্ক রয়েছে।

সফর উপলক্ষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক সম্পদ রক্ষায় পারস্পরিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।



banner close
banner close