বৃহস্পতিবার

৪ জুন, ২০২৬ ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বন্ধ কারখানা চালুতে রোড শো করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুন, ২০২৬ ২২:২৭

শেয়ার

বন্ধ কারখানা চালুতে রোড শো করবে সরকার
ছবি সংগৃহীত

বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই দেশজুড়ে রোড শো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সরকারি কারখানাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা, পুনরায় চালুর সম্ভাবনা এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে এসব কারখানা পুনরায় চালুর ক্ষেত্রে সম্ভাব্য উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং বন্ধ কারখানাগুলো চালু ও লোকসানি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠক সূত্রে জানা যায়, পরিকল্পিত রোড শো কর্মসূচিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সামনে বন্ধ ও লোকসানি কারখানাগুলোর সম্ভাবনা তুলে ধরা হবে। চলতি মাসের মধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, এসব কারখানা পুনরুজ্জীবিত করতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সেই সুপারিশের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।

বৈঠকে অন্যদের মধ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



banner close
banner close