পুলিশের পাঁচজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতির আদেশ জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত পাঁচ কর্মকর্তা হলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে মো. মুশফেকুর রহমান ও ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। বাকি তিনজন-মো. মনিরুজ্জামান, ফারুক আহমেদ ও রেজাউল করিম মল্লিক-১৭তম ব্যাচের কর্মকর্তা।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-২ প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন পদে যোগদানের তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে।
একই দিনে জারি করা পৃথক একটি প্রজ্ঞাপনে পুলিশের দুইজন অতিরিক্ত আইজিপিকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে। তাঁরা হলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন। এঁদের মধ্যে মো. দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের এবং এ কে এম আওলাদ হোসেন ১৫তম ব্যাচের কর্মকর্তা।
আরও পড়ুন:








