সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশইন বা পুশব্যাকের বিরুদ্ধে বাংলাদেশ স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বৈধ প্রক্রিয়ায় পরিচয় যাচাইয়ের পর কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর বিষয় উত্থাপিত হলে তা আইনানুগভাবে বিবেচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্ত বা শূন্যরেখায় এক দেশের বাহিনীর হাতে অন্য দেশের নাগরিক নিহত হওয়ার ঘটনাকেই সাধারণত বর্ডার কিলিং বলা হয়। কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য দেশের ভূখণ্ডে প্রবেশ করে সেখানে আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট দেশ তার নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক পর্যায়ের আসন্ন বৈঠকে সীমান্তসংক্রান্ত সব বিষয় উত্থাপন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের বিশেষ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিকল্পনার বিস্তারিত এ মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়, কারণ তথ্য ফাঁস হয়ে গেলে উদ্ধার অভিযান ও অপারেশন পরিচালনায় জটিলতা সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:








