মঙ্গলবার

২ জুন, ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাশিয়ায় প্রতারণার শিকার ৩০ বাংলাদেশি, ফেরাতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুন, ২০২৬ ১৩:৪৪

শেয়ার

রাশিয়ায় প্রতারণার শিকার ৩০ বাংলাদেশি, ফেরাতে কাজ করছে সরকার
ছবি সংগৃহীত

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রতারণার মাধ্যমে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি যুবককে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

মন্ত্রী বলেন, উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে এসব যুবককে রাশিয়ায় পাঠানো হয়। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, জনপ্রতি প্রায় ৩০ লাখ টাকা নিয়ে তাদের রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

তিনি জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এজেন্সিগুলো হলো আর এস ইন্টারন্যাশনাল, জাবাল-ই-নূর এবং টিএস ওভারসিস লিমিটেড।

আরিফুল হক চৌধুরী বলেন, “প্রতারণামূলকভাবে রাশিয়ায় পাঠানো এই ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, মস্কোয় বাংলাদেশ দূতাবাসকে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলে বিদেশে পাঠানোর মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। বৈদেশিক কর্মসংস্থান খাতের সুনাম রক্ষায় ভবিষ্যতে তদারকি আরও জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেন।

এ সময় মন্ত্রী প্রস্তাবিত ‘প্রবাসী কার্ড’ সম্পর্কেও কথা বলেন। তিনি জানান, ভবিষ্যতে একটি একক কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন সরকারি সেবা, ডিজিটাল পরিচয়, ব্যাংকিং সুবিধা, রেমিট্যান্স-সংক্রান্ত সুবিধা এবং অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। বর্তমানে এ কার্ডের সুবিধাগুলো চূড়ান্ত করার কাজ চলছে।



banner close
banner close