প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার শিগগিরই বাড়তে পারে। ঈদুল আজহার পর বাজেট অধিবেশন শেষ হওয়ার পরপরই এই সম্প্রসারণ হতে পারে বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কাজের চাপ বেশি এমন মন্ত্রণালয়গুলোতে নতুন নেতৃত্ব আনা এবং একজন মন্ত্রীর দায়িত্ব একটিমাত্র দপ্তরে সীমাবদ্ধ রাখাই এই পুনর্বিন্যাসের মূল লক্ষ্য। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজনকে একক দায়িত্ব দেওয়া হতে পারে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে বিবেচনায় রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেল। বর্তমানে প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকেও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে বলে আলোচনা চলছে।
সংসদ সদস্যদের মধ্যে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পাবনার সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার-নবাবগঞ্জের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং কুমিল্লার সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নামও আলোচনায় রয়েছে।
প্রতিমন্ত্রী পদে বিবেচনায় রয়েছেন খুলনার সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, ফরিদপুরের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং সিরাজগঞ্জের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানান, নতুন মন্ত্রী ও উপদেষ্টাদের নাম ঘোষণার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো নির্দেশনা আসেনি, তবে মন্ত্রিসভার আকার বাড়ার সম্ভাবনা রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানান, বিষয়টি নিয়ে দলীয় ফোরামে এখনো কোনো আলোচনা হয়নি এবং কাকে কোথায় দায়িত্ব দেওয়া হবে তা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার।
আরও পড়ুন:








