মধ্যপ্রাচ্যে সংকটজনিত পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাধ্য হয়ে দেশে তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আন্তর্জাতিক বাজারে দাম উল্লেখযোগ্যভাবে কমলে দেশের বাজারেও দ্রুত সমন্বয় করা হবে বলে তিনি নিশ্চয়তা দিয়েছেন।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা জানান। এর আগে রোববার রাতে সরকার পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে পাঁচ টাকা করে বৃদ্ধি করে।
প্রতিমন্ত্রী জানান, প্রতি মাসে জ্বালানির মূল্য সমন্বয় করা হয় এবং একান্ত উপায়হীন না হলে এ ধরনের সিদ্ধান্ত সরকার নেয় না। মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবার সেই পরিস্থিতি তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশে মোট জ্বালানি ব্যবহারের ৬৬ শতাংশই ডিজেল জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এ খাতে সরকারকে সর্বোচ্চ ভর্তুকি দিতে হয়। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। তবে অন্যান্য জ্বালানিতে মূল্য সমন্বয় অনিবার্য হয়ে পড়েছিল বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকট নিরসন হলে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলে জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকার ত্বরিত সিদ্ধান্ত নেবে। তবে তিনি স্বীকার করেন, অতীত অভিজ্ঞতায় দাম যত দ্রুত বেড়েছে, তত দ্রুত কমেনি।
আরও পড়ুন:








