সামনের সময়কে গুরুত্বপূর্ণ ও কঠিন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই সময় অবহেলায় কাটিয়ে দিলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। রোববার (৩১ মে) সকালে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে, মানুষ তাঁকে ও বাংলাদেশকে অভিন্নভাবে দেখত। সেই পথ অনুসরণ করেই বর্তমান সরকার দেশ পরিচালনার চেষ্টা করছে।
তারেক রহমান বলেন, মানুষ তাদের কাছেই প্রত্যাশা রাখে, যাদের কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে নির্বাচনের আগের মতো পরিশ্রম অব্যাহত রেখে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে সরকারকে সফল করতে হবে।
সমাজের নৈতিক অবক্ষয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে। শিশুদের মধ্যে এই মূল্যবোধ গড়ে তুলতে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন।
আরও পড়ুন:








