রবিবার

৩১ মে, ২০২৬ ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মে, ২০২৬ ১২:২৮

শেয়ার

জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রবিবার জানান, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর থেকে কোনো সাধারণ বাসিন্দাকে উচ্ছেদ করা হবে না, তবে সেখানে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব বরদাশত করা হবে না।

রবিবার (৩১ মে) সকালে সীতাকুণ্ড উপজেলার আলিনগর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফল হচ্ছে এই জঙ্গল সলিমপুর। এখান থেকে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, দেশে মাদক, সন্ত্রাস ও অবৈধ বাণিজ্য চলতে দেওয়া হবে না এবং রাষ্ট্রের ভেতরে অন্য কোনো রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না।

ব্রিফিংয়ের আগে সকাল সাড়ে ৯টা থেকে দেড় ঘণ্টা চট্টগ্রামের বিভিন্ন স্তরের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরে সরকারি খাস জমিতে কারাগার নির্মাণসহ বিভিন্ন সংস্থার ভবন নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও এসপি মাসুদ আলমসহ বিভিন্ন সংস্থা প্রধান।



banner close
banner close