রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন গণমাধ্যমকর্মীরা। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন এবং সম্প্রতি একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হাসপাতালে প্রবেশে বাধা দেওয়া হয়। একপর্যায়ে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয় এবং ১ নম্বর গেটের সামনে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা অবস্থান নেন। সাংবাদিকরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে পরিস্থিতির অবনতি হলে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি ও শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মগবাজার থানা পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত হন। পরে হাসপাতালের এক সিনিয়র ম্যানেজার সাংবাদিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এর আগে, হাসপাতাল প্রাঙ্গণে একটি বেকারির কার্যক্রম নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, হাসপাতালের ভেতরে পরিচালিত বেকারিটিতে নানা অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া গেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের ভেতরে থাকা বেকারিটি যথাযথ কারিগরি তত্ত্বাবধান ছাড়াই পরিচালিত হচ্ছিল। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বেকারি থেকে কোনো ক্ষতিকর গ্যাস নির্গত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৭ মে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার কারণ অনুসন্ধানে সরকার উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৩ জুনের মধ্যে কমিটিকে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:








