বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মে, ২০২৬ ১৬:০৩

আপডেট: ৩০ মে, ২০২৬ ১৬:৫৪

শেয়ার

রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ
ছবি সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছেন। ঈদের তৃতীয় দিন শনিবার সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালসহ রাজধানীর বিভিন্ন প্রবেশপথে যাত্রীদের আগমন লক্ষ করা গেছে। তবে পরিস্থিতি সামগ্রিকভাবে স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি থাকায় এবার মানুষ একযোগে না ফিরে ধাপে ধাপে ঢাকায় ফিরছেন বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন। বেসরকারি কিছু প্রতিষ্ঠান রোববার এবং সরকারি অফিস-আদালত সোমবার খুলবে।

ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও গাজীপুরসহ নিকটবর্তী জেলাগুলো থেকে আসা বাসগুলোতে যাত্রীর উপস্থিতি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। রেলপথেও যাত্রী চলাচল স্বাভাবিক।

শেরপুর থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সহকারী জানান, ফিরতি যাত্রীর চাপ এখনো পুরোদমে শুরু হয়নি। বাসে আসন খালি না থাকলেও যাত্রীদের বাড়তি কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না এবং নির্ধারিত ভাড়া তালিকা অনুযায়ীই ভাড়া নেওয়া হচ্ছে।

কাউন্টারগুলোতে দীর্ঘ সারি কিংবা বাসে ওঠার জন্য বিশৃঙ্খলার কোনো চিত্র এবার দেখা যায়নি। যাত্রীর চাপ তুলনামূলক কম থাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগও পাওয়া যায়নি।

যাত্রীরা জানিয়েছেন, সড়কে যানবাহনের চাপ কম থাকায় এবারের ঢাকা ফেরা আগের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে। তবে রোববার বিকেল থেকে যাত্রীর চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে বলে পরিবহন সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।



banner close
banner close