শনিবার

৩০ মে, ২০২৬ ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঢাকায় এলো প্রথম ফিরতি হজ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মে, ২০২৬ ১২:০২

শেয়ার

ঢাকায় এলো প্রথম ফিরতি হজ ফ্লাইট
ছবি সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিবাহী প্রথম ফিরতি ফ্লাইট অবতরণ করে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজযাত্রীদের দেশে প্রত্যাবর্তন কার্যক্রম শুরু হলো।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটটি স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরবেন। বিমানবন্দরে হাজিদের স্বাগত জানাতে ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। দেশে ফেরার পর প্রত্যেক হাজিকে উপহার হিসেবে ৫ লিটার করে জমজমের পানি দেওয়া হচ্ছে। এ ছাড়া যাত্রীদের দ্রুত ইমিগ্রেশন ও লাগেজ প্রক্রিয়া সম্পন্ন করতে বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী সর্বশেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজের সব আনুষ্ঠানিকতা সমাপ্তির পর আগামী কয়েক সপ্তাহ ধরে পর্যায়ক্রমে ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন বাংলাদেশি হাজিরা। হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।



banner close
banner close