তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে এ বছরের হজের আনুষ্ঠানিকতা সমাপ্ত হওয়ার পর বাংলাদেশি হাজিদের দেশে ফেরার যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে প্রথম ফিরতি হজ ফ্লাইট ছেড়ে যায়।
ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এসভি-৫৮০৬-এর মাধ্যমে হাজিদের দেশে ফেরার এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে পাঁচ হাজার ৪৩৪ জন হাজি বাংলাদেশে ফিরছেন। সূচি অনুযায়ী, আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয়ের ফলে কোনো সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে যেতে সক্ষম হয়েছেন।
চলতি বছর ১৭ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী সর্বশেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়।
আরও পড়ুন:








