কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণে ব্যর্থতা এবং রাজধানীর বিভিন্ন সড়কে ময়লা জমে থাকার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনে দেখা যায়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে কোরবানির বর্জ্যের পাশাপাশি আগে থেকে জমে থাকা ময়লাও রাস্তায় পড়ে আছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এই স্পষ্ট অবহেলার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন:








