ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শ্রাবনের মরদেহ আজ ভোর ৫টা ১৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি আনা হয়।
বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন। এরপর আনুষ্ঠানিকতা শেষে মরদেহ শ্রাবনের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রাবনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি দাফন-কাফনের জন্য পরিবারের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন।
মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার পুত্র। তাঁর পাসপোর্ট নম্বর ইজে ০৮২০৩২৭। জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে তিনি ইরাকের বাগদাদে পাড়ি জমান। সম্প্রতি বাগদাদে মিসাইলের আঘাতে তিনি নিহত হন।
বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি ব্যবস্থাপনায় মরদেহটি দেশে আনা হয়। গত ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে ০৮৪৩-এ মরদেহটি পাঠানো হয়। তুরস্কে ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে ০৭১২-তে মরদেহটি আজ ঢাকায় পৌঁছায়।
আরও পড়ুন:








