দেশের আট অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শন অব্যাহত রাখতে বলা হয়েছে।
একই দিন সন্ধ্যা পর্যন্ত দেওয়া সার্বিক আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।
তবে বৃষ্টির মধ্যেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমছে না। বরং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
এই পরিস্থিতিতে আবহাওয়াবিদেরা সাধারণ মানুষকে বাইরে বের হওয়ার সময় ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা এবং নদীপথে চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন:








