বৃহস্পতিবার

২৮ মে, ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

এবার হজে গিয়ে ৩১ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৬ ২১:৪৮

শেয়ার

এবার হজে গিয়ে ৩১ বাংলাদেশির মৃত্যু
ছবি সংগৃহীত

চলতি হজ মৌসুমে সৌদি আরবের পবিত্র ভূমিতে এ পর্যন্ত মোট ৩১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়মিত হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

মৃতদের মধ্যে ২২ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন। এবারের হজ মৌসুমে প্রথম মৃত্যু ঘটে গত ২১ এপ্রিল। মে মাসের দ্বিতীয় সপ্তাহে মৃত্যুর সংখ্যা তুলনামূলক বৃদ্ধি পায়। সর্বশেষ বৃহস্পতিবার মক্কায় বগুড়া সদরের মো. আবদুল করিম (৭৪) স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, অধিকাংশ মৃত্যু বার্ধক্যজনিত অসুস্থতা, হৃদরোগ এবং হঠাৎ শারীরিক জটিলতার কারণে হয়েছে। প্রতিটি মৃত্যুর পর স্থানীয় সৌদি কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি ও ধর্মীয় প্রক্রিয়া সম্পন্ন করছে। সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী, হজ বা ওমরাহ পালনকালে কোনো হজযাত্রীর মৃত্যু হলে সাধারণত তাঁকে সেখানেই দাফন করা হয়; মরদেহ দেশে ফিরিয়ে আনার সুযোগ সীমিত।

বাংলাদেশ হজ মিশন সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা প্রদানে কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ধর্ম মন্ত্রণালয় পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন ধর্মপ্রাণ মুসলিম হজ পালনের উদ্দেশে সৌদি আরব গেছেন। গত ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইট ছেড়ে যায় এবং সর্বশেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়। হাজিদের দেশে ফেরার ফ্লাইট আগামী ৩০ মে থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।



banner close
banner close