বৃহস্পতিবার

২৮ মে, ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দায়িত্বশীল ভূমিকায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৬ ২০:৫৯

শেয়ার

দায়িত্বশীল ভূমিকায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয়ী পঁচিশ আয়োজিত ঈদুল আজহার প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সেনানিবাসে কাটানো শৈশবের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, এই এলাকার সঙ্গে তার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনুষ্ঠানে আসার পথে সিএমএইচের গেট, ছোট প্যাথোলজি ও সিমেন্টের বেঞ্চ দেখে প্রায় ৪৫ থেকে ৪৬ বছর আগের কথা মনে পড়ে যাচ্ছিল বলে জানান তিনি। ছোটবেলায় জ্বর হলে একাই সিএমএইচে যেতেন এবং সে সময়ের স্টাফ সার্জন মেজর আনোয়ারের কথাও এখনও তার স্মৃতিতে অম্লান বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে সাইকেল চালিয়ে সেনানিবাসের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। শহীদ মইনুল সড়ক ও সিগনালের পাশের মসজিদসহ নানা স্থানের স্মৃতিও তুলে ধরেন তিনি। তিনি বলেন, এখন যে জায়গাটি সুন্দর ও পরিপাটি দেখা যাচ্ছে, একসময় সেখানে জঙ্গলের মতো পরিবেশ ছিল।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনা সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপন ও সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি সেনা মেস চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে জোহরের নামাজ আদায় শেষে সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।



banner close
banner close