মঙ্গলবার

২৬ মে, ২০২৬ ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মে, ২০২৬ ১৩:৫৯

শেয়ার

জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি সংগৃহীত

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার মতো দুঃসাহসিক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে এবং দেশে কোনোভাবেই সন্ত্রাস, মাদক ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, জঙ্গল সলিমপুরসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাগুলো সরকারের নজরদারিতে রয়েছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ১৭ বছর দেশে কার্যকর আইনের শাসনের অভাব ছিল বলেই জঙ্গল সলিমপুরের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেল ঈদের সময় বিশেষভাবে সক্রিয় থাকবে। মহাসড়ক ও পশুর হাট সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। জাল নোট শনাক্তে পশুর হাটগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ঈদের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে এবং পরবর্তীতেও এ কার্যক্রম চলমান থাকবে।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আগের তুলনায় দুর্ঘটনার সংখ্যা কমেছে। তবে অধিকাংশ দুর্ঘটনা অসচেতনতা ও ব্যক্তিগত ভুলের কারণে ঘটছে। এ ক্ষেত্রে যাত্রী ও চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

মহাসড়কে যানজট নিরসনে টোল ব্যবস্থার আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে পরামর্শ দেওয়া হবে। একই সঙ্গে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া নারায়ণগঞ্জে লোকনাথ উৎসব এবং মাদারীপুরে কুম্ভমেলা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, গত রোববার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় যৌথ বাহিনীর নির্মাণাধীন ক্যাম্পে কয়েকশ ব্যক্তি হামলা চালায়। হামলায় ক্যাম্পের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের মারধরের অভিযোগ ওঠে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা ১০৫ রাউন্ড গুলি ছোড়ে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরদিন সোমবার এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করে যৌথ বাহিনী।



banner close
banner close