রবিবার

২৪ মে, ২০২৬ ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জ্বালানি খাতে স্বনির্ভরতার পথে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১৬:৪৪

শেয়ার

জ্বালানি খাতে স্বনির্ভরতার পথে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে এবং দেশের অর্থনীতির সম্প্রসারণের সঙ্গে সঙ্গে শিল্পায়নের কারণে বিদ্যুতের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার দিকে দেশের অগ্রযাত্রার ওপর গুরুত্বারোপ করেন।

রোববার (২৪ মে) জাতীয় সংসদ ভবন-এ ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অসংখ্য ভবনের ছাদ, শিল্প এলাকা এবং খোলা জমি নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক সম্ভাবনা ধারণ করে আছে। এসব সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে সৌরশক্তি এখন শুধু পরিবেশবান্ধবই নয়, অর্থনৈতিক দিক থেকেও একটি কার্যকর ও টেকসই সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধন হওয়া প্রকল্পটিকে তিনি দেশের বৃহত্তর নবায়নযোগ্য জ্বালানি অভিযাত্রার অংশ হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয় সংসদের এই উদ্যোগ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের প্রতিটি নাগরিক পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে অংশগ্রহণ করলে বাংলাদেশ দ্রুত একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারবে।

জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে প্রধানমন্ত্রীর অনুরোধে প্রকল্পটির উদ্বোধন করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



banner close
banner close