শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, বিচার ৫-৭ দিনের মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬ ১৫:৪২

শেয়ার

রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, বিচার ৫-৭ দিনের মধ্যে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

ঢাকার মিরপুর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ রোববার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করে বলেন, বিশেষ আদালতে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে মামলার বিচারকাজ সম্পন্ন হতে পারে এবং আদালত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।

রোববার এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, “রামিসা হত্যা মামলার চার্জশিট আজই দাখিল করা হবে। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করা হবে। যদিও এটি আদালতের বিষয়। আশা করছি, আদালত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার চূড়ান্ত অভিযোগপত্রের খসড়া প্রস্তুত করা হয়েছে। বর্তমানে পুলিশ ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) সফটওয়্যারে তথ্য সংযোজনসহ প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করছে। চার্জশিটে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হচ্ছে।

এরই মধ্যে অভিযুক্ত স্বপ্না আক্তারকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। অন্যদিকে, গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন প্রধান আসামি সোহেল রানা।

জবানবন্দিতে সোহেল রানা স্বীকার করেন, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন। এরপর শিশু রামিসাকে ধর্ষণ এবং শ্বাসরোধে হত্যা করেন বলে তিনি আদালতে স্বীকারোক্তি দেন।

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘরের একটি কক্ষে আটকে রেখেছিলেন। পরে রামিসার মরদেহ টুকরা করে গুম করার প্রস্তুতির সময় নিহত শিশুটির স্বজন ও প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় সোহেল রানা ও তার এক সহযোগী জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। পরে স্থানীয়রা স্বপ্না আক্তারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

উল্লেখ্য, শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।