শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
এয়ার এশিয়ার সরাসরি ফ্লাইটে পেনাংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে কক্সবাজার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ৮০ স্থানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না: মীর শাহে আলম পুলিশ হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামি আবু সিদ্দীকসহ গ্রেপ্তার ৯ চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড ফারহান-ইমনের গোলেও ইন্দোনেশিয়ার কাছে বড় হার বাংলাদেশের ফেনীর তিন উপজেলায় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হজ ফ্লাইট শেষ, সৌদি আরবে পৌঁছেছেন নিবন্ধিত সব বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে, ২০২৬ ২১:৫৭

শেয়ার


হজ ফ্লাইট শেষ, সৌদি আরবে পৌঁছেছেন নিবন্ধিত সব বাংলাদেশি হজযাত্রী
ছবি সংগৃহীত

চলতি বছরের হজ কার্যক্রমে বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে হজ ফ্লাইট পরিচালনা। এ পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে গেছেন।

শুক্রবার (২২ মে) মক্কা থেকে গণমাধ্যমকে এ তথ্য জানান হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি বলেন, হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। কিছু জটিলতায় পড়া প্রায় ১৯ জন হজযাত্রীকেও শেষ পর্যন্ত সৌদি আরবে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীর সংখ্যা নির্ধারিত কোটার তুলনায় কিছুটা কম। কারণ প্রতিবছর জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কোটার একটি অংশ সংরক্ষিত রাখা হয়, যা নিবন্ধিত হজযাত্রীর বাইরে থাকে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ১৯৯টি হজ ফ্লাইটের মাধ্যমে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২১ মে সৌদি আরবগামী শেষ ফ্লাইট পরিচালিত হয়।

হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজ পালন করছেন।

সৌদি আরবে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন দেশে ফেরার কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। তাঁদের মধ্যে মক্কায় ১৪ জন এবং মদিনায় ৭ জন মারা গেছেন।